বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিবেশ মানবাধিকার আন্দোলন–পমা আয়োজিত আলোচনা সভায় চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির নসরুল্লাহ বলেছেন, অপরিকল্পিত পর্যটনের কারণে প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ আজ নানা হুমকির মুখে। তাই সময়ের দাবি হলো পরিবেশবান্ধব পর্যটন। পর্যটনকেন্দ্রে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পাহাড়–নদী–সমুদ্র ও বনভূমির সুরক্ষা এবং স্থানীয় সংস্কৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। পর্যটকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই পর্যটন অবকাঠামো গড়ে তুললে একদিকে যেমন অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্যদিকে প্রকৃতিও থাকবে নিরাপদ।
গত ২৭ সেপ্টেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে পমার নির্বাহী চেয়ারম্যান আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের সঞ্চালনায় সভায় তিনি প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ আলোচক ছিলেন কলামিস্ট ইব্রাহিম আখতারী, লেখক তহসিন খান এবং কবি নাসরিন সুলতানা খানম। সভাপতির বক্তব্যে পরিবেশবিদ আমিনুর রশীদ কাদেরী বলেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখেই গড়ে তুলতে হবে ভবিষ্যতের পর্যটন। প্রকৃতিকে বাঁচিয়ে পর্যটনের বিকাশই হতে পারে আমাদের দীর্ঘমেয়াদি সাফল্যের পথ। প্রেস বিজ্ঞপ্তি।













