বিশ্বের ক্রমবর্ধমান উষ্ণতা হ্রাস এবং বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়াতে ছাদ বাগানের ভূমিকা অপরিসীম। ছাদ বাগান কেবল পরিবেশে অক্সিজেনের জোগানই বাড়ায় না, বরং এটি পরিবারে বিষমুক্ত, সুষম খাদ্যের জোগান দেয় এবং ঘরোয়া পরিবেশে এনে দেয় এক নির্মল আনন্দ। আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থেই এই ছাদ বাগানকে আরও জনপ্রিয় ও সর্বজনীন করে তোলা প্রয়োজন। এ জন্য প্রয়োজন কিছু প্রশংসনীয় ও উৎসাহব্যঞ্জক সামাজিক পদক্ষেপ, যাতে নাগরিকরা নিজ দায়িত্বে ছাদ বাগানে এগিয়ে আসেন।
বাগান তৈরিতে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং বিনামূল্যে ফলদ, সবজি ও কৃষিজ চারা বিতরণ করা গেলে এই উদ্যোগ দ্রুত একটি সফল ‘সামাজিক আন্দোলনে’ রূপ নেবে। এটি একদিকে যেমন পরিবেশ দূষণ কমিয়ে এনে বাতাসে অক্সিজেনের প্রবাহ বাড়াবে, অন্যদিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেবে বুকভরে বিশুদ্ধ শ্বাস নেওয়ার মতো এক সবুজ পৃথিবী। এই স্বপ্ন বাস্তবায়নে সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগকে যৌথভাবে কাজ করতে হবে। প্রতিটি জেলা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল মাধ্যমে পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে।
নগরজীবনের চরম বাস্তবতায় ছাদ বাগান অতি জরুরি হলেও, বর্তমানে গ্রামীণ জনপদেও যেসব ‘মিনি নগরায়ণ’ ঘটছে, সেখানেও এই কার্যক্রম প্রসারিত করা দরকার। এতে গ্রাম–শহর নির্বিশেষে পরিবারের পুষ্টি চাহিদা মিটবে এবং প্রকৃতি নতুন প্রাণ পাবে। পাশাপাশি, গ্রামীণ জনপদের বাড়ির আঙিনায় ও রাস্তার ধারের পতিত জায়গায় কৃষিজ, ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপণ করে আমরা যেমন ব্যক্তিগতভাবে সামাজিকভাবে স্বাবলম্বী হতে পারি, তেমনই জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারি।
গাছ রোপণের ক্ষেত্রে আমাদের একটি নির্দিষ্ট শপথ গ্রহণ করা উচিত–প্রয়োজনের তাগিদে যদি একটি গাছ কাটতে হয়, তবে তার স্থানে অন্তত তিনটি চারা রোপণ করব। বৃক্ষ আমাদের কেবল আর্থিক ও মানসিক শক্তিই জোগায় না, প্রকৃতির বৈচিত্র্যময় রূপ, রস ও গন্ধ উপভোগের সুযোগও করে দেয়। তাই প্রকৃতির কাছে আমরা চিরঋণী। আমাদের মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ দিয়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকাটাই সমীচীন।
নতুবা জলবায়ু পরিবর্তনের যে কণ্টকাকীর্ণ পথ আমরা আজ অতিক্রম করছি, ভবিষ্যতে আমাদের সন্তানদের জন্য হয়তো তার চেয়েও ভয়াবহ দুঃসময় অপেক্ষা করবে। আসুন, আমরা নিয়মিত বৃক্ষরোপণ করি, পরিবেশ রক্ষা করি এবং এক নির্মল ও সুস্থ জীবনের আনন্দ উপভোগ করি।












