নগরীর পতেঙ্গায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩/১১ কেভি উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের ব্রেকারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় রাত ৯টা থেকে আওতাধীন প্রায় ৮ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পিডিবি। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সচল করার কাজ করছিল পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, পিডিবির ৩৩/১১ উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবরে ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে ১০টায় নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হালিশহর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন গতকাল রাত সোয়া ১১টায় দৈনিক আজাদীকে বলেন, পতেঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের একটি ব্রেকারে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। এখন নিয়ন্ত্রণ কক্ষে পানি রয়েছে। পানি সরিয়ে ব্রেকারগুলো পানিমুক্ত করা হবে। পরে পাশের বিকল্প ব্রেকার থেকে সংযোগ চালু করা হবে। আগুন লাগার পর থেকে রাত আনুমানিক ৯টা থেকে ১২ নম্বর ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ৭-৮ হাজার গ্রাহক রয়েছে।













