নগরীর পতেঙ্গায় এলাকায় শুল্ক–কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশে ঘাটে তোলার সময় দেড় হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় জাহাজ থেকে শুল্ক–কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাসকৃত প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের দেড় হাজার লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাচালানকারীরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা ভোজ্যতেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।














