নগরীর পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গার লিংক রোডের মুসলিমাবাদ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন–মোহাম্মদ শাহিন ইসলাম (১৮) ও মোহাম্মদ আতিকুর রহমান (২২)। আহত আনিক (২১) চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পতেঙ্গা থানার এসআই আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ শাহিন ইসলাম (১৮) ও মোহাম্মদ আতিকুর রহমান (২২) নামে দুই যুবককে
চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আত্মীয় স্বজনরা এসেছে। তাদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত শাহিন ইসলামের বাবার নাম আবু সিদ্দিক। তার বাড়ি উত্তর পতেঙ্গার ওয়াসা গলির হোসেন আহম্মদ পাড়া। মোহাম্মদ আতিকুর রহমানের পিতার নাম মো. আবদুর রহমান। তার বাড়ি পতেঙ্গার হাজি আলা মিয়া বাড়ি। গুরুতর আহত অনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, নিহত দুইজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, বাইক চালিয়ে তারা পতেঙ্গার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।












