নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা

বই ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমপি জহিরুল

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর বন্যাকবলিত ছনুয়া ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঠ্যসহায়ক বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নম্বর ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী। সমপ্রতি ভয়াবহ বন্যায় যেসব শিক্ষার্থীর বইখাতা ও শিক্ষা সামগ্রী নষ্ট হয়ে যায়, তাদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপকূলীয় পাবলিক লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের একান্ত সচিব জিএম সাইফুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবদুর রশিদ ছানুবী, ছনুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নারগিস সুলতানা চৌধুরী, শিক্ষক আফরোজা সুলতানা ও রবিউল হক, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বাহাদুর আলম, ডা. ফরিদুল ইসলাম, মো. শাহীন আলম, মাওলানা আব্বাস উদ্দিন নুরী, শাকের উল্লাহ রিজভী, আলমগীর কাবর সিকদার, শাখাওয়াত হোসেন, নুরুল আকতার নীরব, রেশমিনা রেশমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, “একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা। তাই শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও চরিত্র গঠনে অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমাম হোসাইন (আ:) স্মরণে আহলে বায়েত অনুসারী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধকোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করা যাবে না