এক বিকেলে রুকুমনি ইশানা, ইহান ও রাইয়ার সঙ্গে খেলছিল। হঠাৎ ঘাসের ফাঁকে তারা একটি নীল খাম পেল। খামের ওপর লেখা-“বুদ্ধি খাটাও, পুরস্কার জিতো।” কৌতূহলী হয়ে সবাই খামটি খুলল।
কাগজে লেখা–২, ৪, ৬, থথ, ১০। রুকুমনি বলল, “সংখ্যাগুলো দুই করে বাড়ছে। তাই উত্তর ৮।” উত্তর মিলতেই কাগজে একটি তারকা জ্বলে উঠল।
পরের প্রশ্ন-“পাঁচটি আমের সঙ্গে তিনটি আম যোগ করলে মোট কত?” ইশানা বলল, “আট!” সবাই হেসে উঠল। রুকুমনি বলল, “খেলতে খেলতেও অঙ্ক শেখা যায়।”
রুকুমনির দশটি টফি ছিল। সে চারটি বন্ধুদের দিল। ইহান বলল, “দশ থেকে চার বাদ দিলে ছয়।” রাইয়া হেসে বলল, “ভাগ করে খেলে আনন্দও বাড়ে!” সবাই টফি ভাগ করে খেলল।
কাগজে লেখা-“এখন তিনটা। এক ঘণ্টা পরে কয়টা?” রাইয়া বলল, “চারটা।” সঙ্গে সঙ্গে নীল আলো জ্বলে উঠল। আলোটি তীর হয়ে আমগাছের দিকে দেখাল।
আমগাছের নিচে আরেকটি কাগজ। লেখা-“আমি পাঁচের চেয়ে বড়, সাতের চেয়ে ছোট। আমি কে?” ইশানা বলল, “ছয়!” তীরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। বন্ধুরা বুঝল, রহস্যের পথ ঠিক দিকেই এগোচ্ছে।
ছবিতে আটটি পাখি ছিল। দুটি উড়ে গেল। ইহান বলল, “এখন ছয়টি।” নিচে লেখা উঠল-“সঠিক উত্তর মানেই এক ধাপ সামনে।” সামনে একটি ছোট কাঠের দরজা দেখা গেল।
দরজায় লেখা–১, ২, ৩, ৪, থথ। রুকুমনি বলল, “পরের সংখ্যা পাঁচ।” পাঁচ লিখতেই দরজা খুলে গেল। ভেতরে একটি ছোট বাক্স ও নতুন চিঠি ছিল।
চিঠিতে একটি সহজ অঙ্ক ছিল। ইহান ভুল উত্তর দিল। তার মুখ মলিন হয়ে গেল। রুকুমনি বলল, “ভুল মানেই শেষ নয়। আবার চেষ্টা করলেই শেখা যায়।” ইহান অঙ্কটি আবার করে সঠিক উত্তর পেল। বাক্সের ঢাকনায় একটি তারকা ফুটে উঠল।
চিঠিতে লেখা-“দুটি পাখি গাছে ছিল। আরও তিনটি এলো। পরে একটি উড়ে গেল। এখন কয়টি?” রাইয়া বলল, “দুই আর তিনে পাঁচ, এক গেলে চার।” উত্তর মিলতেই বাক্সের পাশে ২০ লেখা একটি পাথরের ছবি দেখা গেল।
বন্ধুরা ২০ নম্বর পাথর খুঁজে পেল। সেখানে ছিল কাঠের বাক্স। বাক্সে রঙিন পেন্সিল, খাতা এবং একটি চিঠি। চিঠিতে লেখা-“তোমরা অঙ্কের সঙ্গে বন্ধুত্ব, সহযোগিতা ও সাহসও শিখেছ। এটাই আসল পুরস্কার।”
ইশানা বলল, “কিন্তু খামটি পাঠাল কে?” বাক্সের নিচে ছিল আরেকটি চিরকুট-“আমি তোমাদের গণিতের শিক্ষক কৌশিক স্যার। তোমরা শুধু উত্তর মুখস্থ করছ কি না, তা নয়; একসঙ্গে ভাবতে, ভুল থেকে শিখতে এবং আনন্দ করে সমস্যার সমাধান করতে পারো কি না, সেটাই দেখতে এই খেলার আয়োজন করেছি।”
রুকুমনি হেসে বলল, “স্যার, আজ বুঝলাম–অঙ্ক শুধু খাতায় থাকে না; চারপাশের জীবনেও তার ছোট ছোট ধাঁধা লুকিয়ে থাকে।” দূরে কৌশিক স্যার হাত নেড়ে হাসলেন। চার বন্ধু ঠিক করল, তারা প্রতিদিন নতুন ধাঁধা বানাবে এবং সবাই মিলে সমাধান করবে।
সেদিনের বিকেলটি তাদের মনে রইল এক রঙিন রহস্যের মতো। তারা বুঝল, বুদ্ধির আসল সৌন্দর্য শুধু দ্রুত উত্তর দেওয়ায় নয়, প্রশ্ন করতে, শুনতে, ভুল স্বীকার করতে এবং বন্ধুর সাহায্য নিতে পারার মধ্যেও আছে। নীল খামটি তাই তাদের কাছে হয়ে উঠল কৌতূহল, শেখা ও বন্ধুত্বের প্রতীক। সেই স্মৃতি তাদের প্রতিদিন নতুন কিছু শেখার সাহস দিল।







