“Silence is the Loudest Sound” এই দর্শনকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘নির্বাক’। সংগঠনটির মূল লক্ষ্য চট্টগ্রামে তথা সমগ্র বাংলাদেশে মাইম বা মূকাভিনয় শিল্পের চর্চা, গবেষণা ও মূকাভিনয় প্রসারে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। মাইম শিল্পের দীর্ঘ ঐতিহ্য থাকলেও এই বিশেষ শিল্পধারাকে ঘিরে কোনো নিয়মিত শিক্ষণীয় ম্যাগাজিন বা গবেষণাভিত্তিক কার্যক্রম এতদিন ছিল না। নির্বাক সেই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে মূকাভিনেতা দেওয়ান মামুন জানান, “মাইম শুধু একটি পরিবেশনা নয়, এটি একটি সম্পূর্ণ শিল্পভাষা। এই ভাষাকে লিখিত ও প্রকাশিত রূপ দেওয়াই আমাদের প্রকাশনা সিরিজের উদ্দেশ্য।”
গত ২০ মে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে নির্বাকের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন ও বক্তব্য রাখেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সভাপতি ভারপ্রাপ্ত সোলেমান মেহেদী, অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী, কবি, সাংবাদিক ও সম্পাদক এজাজ ইউসুফি, নাট্য শিক্ষক, নির্দেশক ও নাট্যজন মোস্তফা কামাল যাত্রা, শিক্ষক ও অভিনেতা সঞ্জিত বড়ুয়া, পারফমিং আর্ট অধ্যাপক মাসুদুর রহমান, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ, নাট্যজন ও লেখক শাহিন চৌধুরী। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মূকাভিনেতা দেওয়ান মামুন। অনুষ্ঠানে মূকাভিনয় পরিবেশন করেন প্যান্টোমাইম মুভমেন্টের মূকাভিনয় শিল্পী শান্তনু দাশ, সাইলেন্ট থিয়েটারের মেজবাহ চৌধুরী, রিদোয়ান, সীমা দাশ, আঁখী আকতার, অন্যয়, সাহেদ ও সাইদুর। প্রেস বিজ্ঞপ্তি।












