নিজেদের দলাদলিতে রোগীদের বলিতে পরিণত করবেন না

খোরশেদ আলম সুজন

| শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৬:৫৫ পূর্বাহ্ণ

অসহায় রোগীদেরকে নিজেদের আভ্যন্তরীণ দলাদলির বলিতে পরিণত না করতে চিকিৎসকদের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মবিরতি পালনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রতি তিনি এ অনুরোধ জানান। এ সময় তিনি বলেন, করোনা মহামারীতে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে চিকিৎসকরা যেভাবে মানুষের জীবনের ফুল ফোটাচ্ছেন তা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। চিকিৎসকদের অনুপ্রাণিত ভূমিকা একজন রোগীকে মৃত্যুর দুয়ার থেকে জীবনের দুয়ারে নিয়ে আসে। কোভিড চিকিৎসায় অনেক চিকিৎসকও অকালে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। একজন অসহায় রোগীর একমাত্র আশ্রয়স্থলই হচ্ছে মেডিকেল। কিন্তু বর্তমানে চমেক হাসপাতালে যে ঘটনার জন্য কর্মবিরতি, এ পরিস্থিতির জন্য কোন অবস্থাতেই রোগীরা দায়ী নয়। তিনি উদ্ভূত পরিস্থিতির সমাধানে সিনিয়র চিকিৎসক, বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ সর্বস্তরের চিকিৎসকগণকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোগীর সেবা বিঘ্নিত হোক, তা কোনোভাবেই কাম্য নয়
পরবর্তী নিবন্ধরোগীরা কেন দুর্ভোগে