নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় একটি রেডিমেড কাপড়ের শোরুমের বন্ধ গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে বাবু নামে একটি রেডিমেড কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নন্দনকানন ফায়ার স্টেশন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা আজাদীকে জানান, নিউ মার্কেটের বি ব্লকের ১০ তলা ভবনের তৃতীয় তলায় বাঙালি বাবু নামে একটি রেডিমেড শার্ট, পাঞ্জাবির দোকানের গুদামে সকাল ১০টা ১৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল ১০টা ৫০ মিনিটে আগুনে পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব হয়েছে। নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি যেহেতু কাপড়ের গুদামটি বন্ধ ছিল, সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৭ লাখের মতো ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার কাপড়। তবে স্থানীয়রা জানান, আগুনে ১০ লাখের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি বলে জানান তিনি।













