কদমতলী মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

নগরীর কদমতলী মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের আনায়নকারী দুই যুবক কুমিল্লার নাঙ্গকোটের মারুফ ও সদরঘাট এলাকার রবিউল আজাদীকে জানান, দুর্ঘটনায় নিহত যুবকের বয়স ২৪ এর মতো হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট থানাধীন কদমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কদমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক মোটরসাইকেল চালককে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনায়নকারী দুই যুবক মারুফ ও রবিউল বলেন, ওই যুবক কদমতলী মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ আদালতের
পরবর্তী নিবন্ধনিউ মার্কেটে বন্ধ কাপড়ের গুদামে আগুন