নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই

প্রিমিয়ার ভার্সিটিতে সেমিনারে উপাচার্য

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হাজারী লেইনস্থ ভবনে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।

ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলমের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্নার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক।প্রধান অতিথি বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সৌরশক্তির কার্যকর প্রয়োগ দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সোমেন দত্ত, সেকশন অফিসার মো. শাহেদ, স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি ইফতেখার চৌধুরী এবং আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির সাধারণ সম্পাদক সুষ্ময় বড়ুয়া।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্মার্ট পিভি সিস্টেম ডিজাইনের ওপর হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা পরিষদের ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধদীপশিখা খেলাঘর আসরে রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী