বাংলা পঞ্জিকার নতুন বছরের প্রথম দিন দেশের তিন বিভাগের কিছু কিছু জায়গায় দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলছেন, স্বাভাবিক মেঘমালা ভারতের মেঘালয়ের পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এ বৃষ্টিপাত ঘটাতে পারে। গতকাল রোববার সন্ধ্যায় তিনি বলেন, এ মৌসুমে এ ধরনের বৃষ্টি স্বাভাবিক। সোম ও মঙ্গলবার তিন জেলার বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকবে। তিনি বলেন, মঙ্গলবার পহেলা বৈশাখের দিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। ওইদিন বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়াও থাকতে পারে। আর দেশের অন্যান্য স্থানে আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে। খবর বিডিনিউজের।
আজ সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আগামীকাল মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান এ আবহওয়াবিদ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি দশমিক ৮ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং বৃহস্পতিবার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামন্য বাড়তে পারে।














