নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারী কিশোর কিশোরীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ৮দিনব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে ফুটবল ইভেন্টের বালক ও বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাগরিকায় ক্রিকেট ইভেন্টের বালকবালিকাদের ফাইনাল খেলা সম্পন্ন হয়।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল সকালে বালক বিভাগের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে আনোয়ারা উপজেলা টাইব্রেকারে ৪২ গোলে সীতাকুণ্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ডের মো. মিশান। সর্বোচ্চ গোলদাতা হন সাকিবুর হোসাইন।

ফুটবলের বালিকা বিভাগের ফাইনালে পটিয়া উপজেলা ৪১ গোলে রাউজান উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের বালিকা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পটিয়ার ইসরাফ নিম। সর্বোচ্চ গোলদাতা হন পটিয়ার দুর্গা দাশ।

একই দিন সকালে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ক্রিকেট ইভেন্টের ফাইনালে বালক বিভাগে বাঁশখালী ৩৬ রানে আনোয়ারা উপজেলাকে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনালে টসে জিতে বাঁশখালী প্রথমে ব্যাট করতে নামে। দলের মোশাররফ হোসেন তোহা সর্বোচ্চ ৬০, মাজেদ ৩৯ এবং জহির ৩০ রান করেন। নির্ধারিত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে বাঁশখালী উপজেলা ১৪০ রান করে। আনোয়ারা উপজেলার হয়ে আহসান খান দুই উইকেট লাভ করেন।

জবাবে আনোয়ারা উপজেলা নির্ধারিত ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। বাঁশখালীর হয়ে যাওয়াতুল জহির ৩টি, ওমর ফারুক এবং তৌসিফ ১ করে উইকেট লাভ করেন। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাঁশখালীর মোশারফ হোসেন তোহা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কোতোয়ালী থানার ইভান রায়হান। বাঁশখালী উপজেলা ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন কোচ মোহাম্মদ এরশাদ, ম্যানেজার রাশেদুল বারি,ফিল্ডিং কোচ আশরাফুল আলী তানভীর।

এদিকে সাগরিকা বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট রুহুল আমিন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনাল ম্যাচে বোয়ালখালী উপজেলা ১৪ রানে সীতাকুণ্ড উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বোয়ালখালীর উম্মে তাসফিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ডের ফারসিয়া জান্নাত। বালকবালিকাদের ফুটবলক্রিকেট দুই ইভেন্টের ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি ফ্রিল্যান্স এন্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, বিসিবি এ্যাডহক কমিটি সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম জোনায়েত খান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে দলীয় ট্রফি ও ব্যক্তিগত পদক তুলে দেন। এর মাধ্যমে পর্দা নামে গত ২ মে সিলেট স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন হওয়া দেশব্যাপী ক্রীড়া উৎসব নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬ এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতার।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বোলাররা এলোমেলো বল করেছে : সালাউদ্দিন
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের সঞ্জয় দেব