নগরীর কোথাও বিক্ষোভ কোথাও আনন্দ মিছিল

১২ ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

নব গঠিত মহসিন কলেজ ছাত্রলীগের কমিটিসহ ১২ ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে নগরীতে কোথাও আনন্দ মিছিল-কোথাও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহসিন কলেজ ছাত্রলীগের নব গঠিত কমিটির বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন মহসিন কলেজ ছাত্রলীগের কয়েকশ’ নেতা-কর্মী। মহসিন কলেজের ক্যাম্পাসে পদবঞ্চিত ও বিক্ষুদ্ধ ছাত্ররা নতুন কমিটির আহ্বায়ক কাজী নাঈমের বিরুদ্ধে শ্লোগান দেন। এসময় সমাবেশে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতারা বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ রাতের আঁধারে অবৈধভাবে মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তারা বলেন, কলেজে বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা তৈরি ও শিবির কর্মীদের ছাত্রলীগ বানিয়ে নিজের গ্রুপে অনুপ্রবেশের জন্য একাধিকবার খবরের একাধিকবার শিরোনাম হন কাজী নাঈম। মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন ও আনোয়ার পলাশ কাজী নাঈমকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বিক্ষোভ সমাবেশে পদবঞ্চিত বিক্ষুদ্ধ ছাত্রনেতারা আরো বলেন, মহসিন কলেজকে শিবিরমুক্ত করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে, যারা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি সংগঠিত করেছে, তাদের বাদ দিয়ে নিজেদের লোকজনকে সামনে রেখে কমিটি করা হয়েছে। কমিটিতে যারা বড় বড় পদ পেয়েছেন তারা কেউই ২০১৫ সালের ১৬ ডিসেম্বর শিবিরের সাথে সংঘর্ষের সময় ছিল না।
বিতর্কিত, বিবাহিত ও শিবিরের ছেলেদের দ্বারা গঠিত কমিটিকে কোনো অবস্থায় ক্যাম্পাসে অবস্থান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। কলেজ ছাত্রলীগের প্রতিনিধি মায়মুন উদ্দীন মামুন ও আনোয়ার হোসেন পলাশের নেতৃত্বে মহসিন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলমান থাকবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা রুপম সরকার, মাঈনুদ্দিন সোহেল, মোহাম্মদ হানিফ সুমন, তাফহিমুল ইসলাম সোহেল ,সিমলা তন্বী, মীর মোহাম্মদ রবি, তওহিদুল হক কায়সার, কবির উদ্দীন আবির, মীর মোহাম্মদ শাফায়েত প্রমুখ। এদিকে কল্পলোক আবাসিক এলাকায় মূল সড়কে বাকলিয়ার বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নগরীর ৫টি থানা ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং ৬টি ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
কমার্স কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ঘোষিত ১২ টি ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গতকাল বৃহস্পতিবার আনন্দ মিছিল করেছে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ। মিছিলটি কলেজ থেকে বের হয়ে আগ্রাবাদ মোড় প্রদক্ষিণ করে এবং কলেজে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। মিছিল এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ সদস্য ইকবাল হোসেন নয়ন, ফখরুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা জোবায়ের রহমান, ফখরুল রুবেল, বিকি বডুয়া, বিল্টু সেন, আরিফ আলভী, নাহিদ মুন্না, আলো, শুভ, গণি, নওশাদ, সাইম, বাপ্পি, আরিফ, সৈকত, জিয়া, রিদয়, মিরাদ, আসিফ, সাব্বির, মোনায়েম, ফাহিম, আলভী, আশিক, ইসরাক সহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
ডবলমুরিং থানা ছাত্রলীগের ধন্যবাদ জ্ঞাপন : এদিকে ডবলমুরিং থানা ছাত্রলীগ সভাপতি মো: ফরহাদ সায়েম ও সাধারণ সম্পাদক রাকিব হায়দার এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ১টি কলেজ, ৫টি থানা ও ৬টি ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় ছাত্রলীগের নতুন নেতৃত্বের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিল। কমিটি দেওয়ায় এখন তৃণমূলে প্রাণসঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলার পথ প্রশস্ত রাখতে ছাত্রলীগের নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগর ছাত্রলীগের ইতিবাচক ধারাকে বেগবান করতে ডবলমুরিং থানা ছাত্রলীগের সকল নেতাকর্মী নগর ছাত্রলীগের পাশে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজেলখানায় বন্ধুত্ব জামিনে বেরিয়ে চুরি
পরবর্তী নিবন্ধকরোনায় একদিনে ৯ মৃত্যু, শনাক্ত ৪১৮