আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বগুড়ার একটি আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতনের মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক আনোয়ারুল হক গতকাল মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান। খবর বিডিনিউজের।
তিনি বলেন, পিবিআইর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পরই বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলার বরাতে আইনজীবী বলেন, এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখানোর পাশাপাশি হিরো আলম বিয়ের প্রলোভন দেখান। পরে তিনি ভুক্তভোগীকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাতে বাধ্য করেন।
ওই নারী ২০২৫ সালের ২১ এপ্রিল হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন। এ ব্যাপারে জানতে হিরো আলমকে মোবাইলে ফোন দিলে তিনি ধরেননি।












