আইরিশ সাহিত্যের আকাশে ফ্র্যাঙ্ক ও’কনর এক অনন্য ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ নক্ষত্র, যাঁর শিল্পবোধের গভীরে প্রোথিত ছিল ব্যক্তিজীবনের দহন আর সংঘাতের ইতিহাস। আয়ারল্যান্ডের কর্ক শহরের এক নিভৃত ও দরিদ্র সংসারে তাঁর চোখ মেলা, যেখানে মদ্যপ পিতার ঋণের বোঝা আর মায়ের ওপর নেমে আসা লাঞ্ছনা ও’কনরের শৈশবকে তীব্র একাকীত্বে আচ্ছন্ন করে রেখেছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথাগত আলো থেকে বঞ্চিত এই মানুষটির জীবনসংগ্রামের সেই মর্মন্তুদ স্মৃতি উঠে এসেছে তাঁর ‘অ্যান অনলি চাইল্ড’ নামক যুগান্তকারী আত্মজৈবনিক রচনায়–যা এতটাই প্রভাববিস্তারী ছিল যে বহু বছর পর মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি তাঁর চন্দ্রাভিযানের ঐতিহাসিক ভাষণে এই গ্রন্থের পঙক্তি উদ্ধৃত করেছিলেন। পরবর্তীকালে আয়ারল্যান্ডের স্বাধীনতা যুদ্ধ এবং গৃহযুদ্ধে সরাসরি অংশগ্রহণের অভিজ্ঞতা ও’কনরকে এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যা তাঁর ‘গেস্টস অব দ্য নেশন’ গল্পগ্রন্থে শৈল্পিক রূপ লাভ করে। যুদ্ধক্ষেত্রের রুক্ষ ধুলো আর প্রান্তিক মানুষের যাপিত জীবনকে অতি কাছ থেকে চেনার ফলেই তাঁর সাহিত্যচেতনা এক সম্পূর্ণ ভিন্ন মাত্রা অর্জন করেছিল। ১৯৬১ সালে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল লেখালেখির ক্লাসে শিক্ষকতা করার অভিজ্ঞতা এবং তাঁর উপন্যাসের তাত্ত্বিক গ্রন্থ ‘মিরর ইন দ্য রোডওয়ে’–এর সমান্তরালে ও’কনর ১৯৬২ সালে রচনা করেন তাঁর কালজয়ী তাত্ত্বিক সন্দর্ভ ‘দ্য লোনলি ভয়েস: এ স্টাডি অব দ্য শর্ট স্টোরি’। এই গ্রন্থটিতে তিনি প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে, কোনো আলংকারিক সূত্র বা কাঠামোগত নিয়ম চাপিয়ে না দিয়ে, অত্যন্ত সহজ অথচ গভীর জীবনবোধের আলোকে ছোটগল্পের আত্মিক সংকটের একটি অসামান্য নান্দনিক রূপরেখা উন্মোচন করেছেন।
ও’কনর তাঁর সন্দর্ভে ছোটগল্প ও উপন্যাসকে কেবল দৈর্ঘ্য বা অবয়বের তুচ্ছ মানদন্ডে বিচার করেননি, বরং এই দুই মাধ্যমের জন্ম ও বিকাশের সমাজতাত্ত্বিক চরিত্রটিকে ব্যবচ্ছেদ করেছেন। তাঁর মতে, উপন্যাসের সার্থক রূপায়ণের জন্য একটি সংহত, নির্দিষ্ট লক্ষ্য ও ঐতিহ্যবাহী সমাজের অস্তিত্ব প্রয়োজন। উপন্যাসের নায়ক কোনো না কোনোভাবে সেই সমাজেরই প্রতিভূ; পাঠক অবলীলায় সেই নায়কের স্বপ্নের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারে এবং এই আত্মপরিচয়ের মেলবন্ধনই উপন্যাসের মূল চালিকাশক্তি। উপন্যাসজগতে ব্যক্তির সাথে সমাজের সম্পর্কটি বন্ধুত্বপূর্ণ হোক কিংবা বৈরী, সেখানে একটি সামগ্রিক সামাজিক কাঠামোর অস্তিত্ব সবসময় দৃশ্যমান থাকে। কিন্তু ছোটগল্পের দিগন্তটি সম্পূর্ণ ভিন্ন। ও’কনর অত্যস্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে, ছোটগল্পের কোনো নির্দিষ্ট নায়ক বা ‘হিরো’ থাকে না। এখানে যিনি কেন্দ্রীয় চরিত্রে অবতীর্ণ হন, তিনি সমাজের কোনো আদর্শের প্রতীক নন; বরং তিনি এক অন্তহীন শূন্যতার মাঝে খেই হারিয়ে ফেলা একাকী মানুষ, যিনি প্রচলিত সমাজকাঠামোর বাইরে দাঁড়িয়ে কেবলই এক যাযাবর সত্তা।
ছোটগল্পকে ও’কনর ফরাসি সাহিত্যের ঐতিহ্যবাহী ‘কঁত’ বা ‘নুভেল’ থেকেও স্বতন্ত্র এক নন্দনতত্ত্বে অভিষিক্ত করেছেন। উপন্যাসের মতো ছোটগল্পে পাঠক কখনোই চরিত্রের সাথে একাত্ম হয়ে নিজেকে বিলীন করে দেয় না। এই মাধ্যমটির আবেদন অনেক বেশি ব্যক্তিগত। লেখক যেখানে তাঁর ব্যক্তিগত নির্জনতা থেকে পাঠকের অন্তরের গভীরতম নির্জন কোণটিতে আঘাত করেন, সেখানেই ছোটগল্পের সার্থকতা। জার্মান তাত্ত্বিক ওয়াল্টার বেঞ্জামিনের ‘দ্য স্টোরিটেলার’ প্রবন্ধের ধারাবাহিকতায় বলা চলে, ছোটগল্প যখন তার মৌখিক ঐতিহ্যের কোল ছেড়ে আধুনিক লিখিত রূপ গ্রহণ করে, তখন থেকেই তার অবয়বে এক চিরন্তন বিষাদ জড়িয়ে যায়। ছোটগল্প জীবনের সুবিস্তৃত প্রবাহকে ধারণ করে না, বরং জীবনের কোনো এক তীব্র ও চরম মনস্তাত্ত্বিক মুহূর্তের আলোকপাত ঘটিয়ে পাঠককে চমকে দেয়। এই সংকুচিত অথচ অতিমাত্রায় সংবেদনশীল ক্যানভাসে কাজ করতে গিয়ে ছোটগল্পকারকে উপন্যাসের তুলনায় অনেক বেশি সূক্ষ্ম শিল্পী, নাট্যকার ও পরিমিতিবোধসম্পন্ন হতে হয়।
‘দ্য লোনলি ভয়েস’ গ্রন্থের মূল স্তম্ভটি দাঁড়িয়ে আছে ও’কনরের ‘নিমজ্জিত জনসংখ্যা গোষ্ঠী’ (Sumbmerged Population Group) নামক বিখ্যাত তত্ত্বটির ওপর। এই পরিভাষাটির মাধ্যমে তিনি সমাজের সেই অবহেলিত, অন্তঃজ ও ব্রাত্য মানুষদের বুঝিয়েছেন, যারা সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন এবং বৃহত্তর সমাজের আলো থেকে নির্বাসিত। ও’কনরের চোখে এই প্রান্তিক মানুষের অবয়বটি স্থির বা অনড় কোনো সত্য নয়; বরং তা যুগে যুগে, দেশে দেশে এবং লেখকের স্বতন্ত্র জীবনবোধের আলোকে পরিবর্তিত হয়েছে।
রুশ সাহিত্যের সোনালী যুগে নিকোলাই গোগোল যখন ক্ষুদ্র কেরানিদের যাপিত জীবনের অন্তহীন গ্লানি আর অস্তিত্বের সংকটকে তুলে আনেন, তখন ইভান তুর্গেনেভের হাত ধরে সেই স্থান দখল করে রাশিয়ার শোষিত ও মূক ভূমিদাস সমাজ। গি দ্য মোপাসাঁর ফরাসি মধ্যবিত্ত বাস্তবতায় এই ব্রাত্যজনেরা হয়ে ওঠে সমাজের লালসার শিকার হওয়া প্রান্তিক নারী ও বারবণিতারা, যাদের জীবনের কান্না শারীরিক ও সামাজিক অবদমন আর যৌন নিপীড়নের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠে। অন্যদিকে, রুশ কথাশিল্পের জাদুকর আন্তন চেখভের গল্পে এই নিঃসঙ্গ কণ্ঠস্বরটি আর কোনো বাঞ্ছিত রূপান্তরের গল্প থাকে না, তা হয়ে ওঠে প্রাত্যহিক জীবনের ক্লান্তি ও নিঃসঙ্গতায় ভুগতে থাকা একাকী চিকিৎসক বা মফস্বলী শিক্ষকের আধ্যাত্মিক শূন্যতা। মার্কিন সাহিত্যের উঠোনে এই একই শূন্যতা ভিন্ন রূপ পরিগ্রহ করে শেরউড অ্যান্ডারসনের গল্পে, যেখানে একঘেয়ে প্রাদেশিক জীবনের খাঁচাবন্দি মানুষগুলো চিরকাল মুক্তির এক চিরন্তন কিন্তু অলীক স্বপ্ন বুনে চলে। উত্তর–আধুনিক আমেরিকান বাস্তবতায় রেমন্ড কারভারের কলমে এরা আবার ফিরে আসে মদ্যপ, রুক্ষ, সহিংস ও তীব্র দারিদ্র্যে জর্জরিত এক ছিন্নমূল জনগোষ্ঠীরূপে, যাদের বেঁচে থাকার লড়াইটি চূড়ান্ত হতাশায় আচ্ছন্ন। আবার আমাদের এই উপমহাদেশীয় বাস্তবতায় সাদাত হাসান মান্টোর হাত ধরে এই ব্রাত্যজনেরা স্থান পায় ঔপনিবেশিক ও উত্তর–ঔপনিবেশিক বোম্বাইয়ের অন্ধকার গলির ভাঁজে, যেখানে ছিটকে পড়া মানুষগুলোর দিন কাটে উদ্দেশ্যহীন উদ্ভ্রান্তের মতো। এই বৈচিত্র্যময় চরিত্রগুলোর মধ্যে একমাত্র সাধারণ যোগসূত্রটি হলো তাদের বুকফাটা আর্তনাদ এবং নিঃসঙ্গতার গভীর আঁধার, যা ও’কনরের সমালোচনামূলক দৃষ্টির মূল উপজীব্য।
ও’কনর আধুনিক ছোটগল্পের প্রকৃত উৎস অনুসন্ধান করতে গিয়ে নিকোলাই গোগোলের বিখ্যাত ‘দ্য ওভারকোট’ গল্পটিকে এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন। গল্পের নায়ক আকাকি আকাকিয়েভিচ নামক এক দরিদ্র ও উপহাসের পাত্র কেরানি, যার জীর্ণ কোটটি যখন আর তাপ্পি দেওয়ার যোগ্য থাকে না, তখন সে এক অবর্ণনীয় সংকটে পড়ে। বহু কষ্টে তিল তিল করে জমানো অর্থে যখন সে একটি নতুন কোট কেনে, তখন মনে হয় যেন তার শ্রীহীন জীবনে সামান্য আত্মমর্যাদার আলো দেখা দিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় না; চোরেরা তার সেই অতি সাধের কোটটি কেড়ে নেয়। এরপর বিচার এবং সাহায্যের আশায় প্রশাসনের বড় বড় কর্তাদের দরজায় ঘুরে সে কেবলই অবহেলা, তিরস্কার আর লাঞ্ছনা কুড়ায় এবং অবশেষে এক চরম হতাশা আর বুকভরা বেদনা নিয়ে মারা যায়।
গোগোলের এই সৃষ্টি উপন্যাসের গরিমা ও নায়কতন্ত্রকে এক নিমিষে ধূলিস্যাৎ করে দেয়। আকাকির সহকর্মীদের উপহাসের মাঝে তার সেই আকুল কণ্ঠস্বর-“আমাকে একটু শান্তিতে থাকতে দিন, কেন আপনারা আমাকে এভাবে অপমান করছেন?”-আসলে মানুষের সভ্যতার ছদ্মবেশে লুকিয়ে থাকা ক্রুরতার দিকেই আঙুল তোলে। গোগোল দেখিয়েছেন কীভাবে একটি সামান্য কাপড় মানুষের বেঁচে থাকার সম্পূর্ণ অবলম্বন হয়ে উঠতে পারে এবং কীভাবে সমাজ সেইটুকুও কেড়ে নিয়ে তাকে নিঃসঙ্গ মৃত্যুর গহ্বরে ঠেলে দেয়। এই করুণ রস ও সূক্ষ্ম হাস্যরসের যুগলবন্দিই ছোটগল্পের ক্যানভাসে এক কালজয়ী মহিমা এনে দিয়েছে।
‘দ্য লোনলি ভয়েস’ গ্রন্থে ও’কনরের সমালোচকমনে কোনো পক্ষপাত ছিল না; তিনি অত্যন্ত নিরাসক্ত ও কড়া দৃষ্টিতে বিশ্বসাহিত্যের প্রথাবিরোধী লেখকদের পরিমাপ করেছেন। চেখভকে তিনি তাঁর একাকীত্বের গভীর চিত্রায়ণের জন্য শ্রেষ্ঠত্বের আসনে বসালেও অন্য অনেক মহান লেখককে রেয়াত করেননি। যেমন, রডইয়ার্ড কিপলিংয়ের রচনায় যে চরিত্রগুলো উঠে এসেছে, তারা মূলত সমাজের শাসক ও ক্ষমতার শীর্ষে আসীন। ও’কনরের মতে, কিপলিং নিজে একাকীত্বকে ভীষণ ভয় পেতেন, তাই তাঁর পক্ষে সার্থক ছোটগল্পের নির্জন কণ্ঠস্বরকে আবিষ্কার করা সম্ভব হয়নি। জেমস জয়েসের অসাধারণ গদ্যশৈলীকে কুর্নিশ জানালেও ও’কনর মনে করতেন যে, জয়েস একসময়ে অতিমাত্রায় রূপ ও রীতির কারুকাজে মগ্ন হয়ে তাঁর গল্পের প্রান্তিক মানুষদের জীবন থেকে বিচ্যুত হয়েছিলেন।
একইভাবে ক্যাথরিন ম্যানসফিল্ডের কৃত্রিম ব্যক্তিত্ব আর ডি. এইচ. লরেন্সের নিজের শেকড় ছিঁড়ে পলায়নের প্রবণতা তাঁদের সার্থক ছোটগল্প রচনায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। আর্নেস্ট হেমিংওয়েকে তিনি জয়েসের পদাঙ্ক অনুসারী এক নিপুণ কুশলী শিল্পী মনে করলেও, তাঁর গল্পের চরিত্রগুলো প্রান্তিক হলেও তারা কোনো শ্রমের সাথে যুক্ত ছিল না, বরং অবসর ও আমোদের জগতের ব্রাত্যজন ছিল। আইজ্যাক বাবেলের রোমান্টিক অতিশয়োক্তি বাস্তবতার নিরিখে খাটো হয়েছিল বলে ও’কনর দাবি করেন। এই বিশ্লেষণে স্পষ্ট হয় যে, ও’কনরের কাছে গল্পের কারুকার্যের চেয়ে প্রান্তিক মানুষের প্রতি লেখকের বিশ্বস্ততাই ছিল মহৎ সৃষ্টির একমাত্র মাপকাঠি।
ও’কনরের প্রবর্তিত এই ‘নিমজ্জিত গোষ্ঠী’র ধারণাটি আজ আর কেবল পশ্চিমা বিশ্বের গন্ডিতে সীমাবদ্ধ নেই; উত্তর–ঔপনিবেশিক বিশ্ব এবং বিশেষ করে বাঙালি ছোটগল্পের নান্দনিকতা বিশ্লেষণে এটি এক অপরিহার্য চাবিকাঠি হয়ে উঠেছে। বাঙালি লেখক ও সমালোচক অমিত চৌধুরী এই পরিভাষাটিকে আমাদের উপমহাদেশের আধুনিকতাবাদী সাহিত্যের স্বরূপ বুঝতে চমৎকারভাবে ব্যবহার করেছেন। এই তত্ত্বের আলোয় যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের ভূগোলে তাকাই, তখন এক পরম বিস্ময় আমাদের গ্রাস করে। রবীন্দ্রনাথের ছোটগল্পগুলো তৎকালীন বাঙালি সমাজের ‘ভদ্রলোক’ শ্রেণির সংকীর্ণতা এবং ‘ছোটলোক’ বা প্রান্তিক চাষী ও সাধারণ মানুষের টানাপোড়েনকে অত্যন্ত তীব্রভাবে ধারণ করেছে। রবীন্দ্রনাথের চরিত্রগুলো এমন এক অস্থির সময়ে দাঁড়িয়ে থাকে যেখানে সমাজ তাদের কোনো সান্ত্বনা বা সঠিক পথ দেখাতে পারে না।
রবীন্দ্রনাথের গল্পে একাকীত্বের গভীরতা কেবল সমাজের বঞ্চনায় নয়, বরং মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্কেও অদৃশ্য দেয়াল এবং আত্মিক বন্ধনের নির্মম অপচয়ের মধ্য দিয়ে ফুটে ওঠে। “পোস্টমাস্টার” গল্পের সেই অনাথ বালিকা রতন কিংবা দূরদেশের স্মৃতি বুকে নিয়ে ঘুরে বেড়ানো “কাবুলিওয়ালা”র রহমত–ও’কনরের সংজ্ঞায়িত সেই “নিমজ্জিত গোষ্ঠী”রই পূর্বসূরি, যারা কোনো সুনির্দিষ্ট লক্ষ্যহীন প্রান্তিকতায় নিজেদের একাকী জীবনের করুণ সুর বাজিয়ে যায়। একইভাবে, মান্টোর গল্পের বোম্বাইয়ের ব্রাত্য চরিত্রগুলোর মতো বাঙালির ছোটগল্পের চরিত্রগুলোও সমাজের মূলধারা থেকে দূরে এক ধূসর এলাকায় নিঃসঙ্গতার গান গেয়ে চলে।
১৯৬৩ সালে প্রথম প্রকাশের পর থেকে আজ অবধি ‘দ্য লোনলি ভয়েস’ ছোটগল্পের নন্দনতত্ত্বের এক অবশ্যপাঠ্য বাইবেল হিসেবে সমাদৃত। বিংশ শতাব্দীর শেষার্ধে রেমন্ড কারভার কিংবা ব্রিজ ডি জে প্যানকেকের মতো শক্তিশালী মার্কিন লেখকদের গল্পে এই নিঃসঙ্গতার ধারণাই নতুন রুক্ষ বাস্তবতায় ধরা দিয়েছিল। কারভারের নিজের জীবনের অর্থাভাব, মদ্যপান আর পারিবারিক অশান্তি তাঁর গল্পের চরিত্রগুলোর মধ্য দিয়ে ও’কনরের তত্ত্বকেই পুনরায় সত্য বলে প্রমাণ করেছে। অতি সমপ্রতি, ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিখ্যাত ‘লিলিপুট প্রেস’ থেকে কেভিন ব্যারির নতুন প্রস্তাবনা সহ এই গ্রন্থটির পুনর্মুদ্রণ প্রমাণ করে যে, মানুষের ভেতরের সেই আদিম ও অকৃত্রিম একাকীত্বকে স্পর্শ করার ক্ষমতা ও’কনরের এই তত্ত্বের আজও ফুরিয়ে যায়নি।
ফ্র্যাঙ্ক ও’কনরের ‘দ্য লোনলি ভয়েস’ কোনো তাত্ত্বিক নীরস নথি নয়; এটি আসলে মানুষের নিঃসঙ্গতার এক মহাকাব্যিক গদ্য আখ্যান। ছোটগল্পের ভেতরে যে নিঃসঙ্গ সুরটি লুকিয়ে থাকে, তা আসলে মানুষের যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে এক নীরব জেহাদ। এই তত্ত্ব আমাদের শেখায় যে, ছোটগল্প কখনোই রাজার মুকুটের গল্প বলে না; এটি চিরকাল আঁস্তাকুড়ের নিচে পড়ে থাকা মূক ও বধির মানুষের ভেতরের অলৌকিক আলোটুকুকে গভীর বেদনায় চিনে নেওয়ার শৈল্পিক সংগ্রাম।











