দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৯১ জন রোগী হাসপাতালে এসেছে। মারা গেছে ছয় জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৯৯ হাজার ১৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন। খবর বিডিনিউজের।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল ও কুষ্টিয়ায় এক জন করে মারা গেছে।
চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ১ হাজার ৩২ জনে। হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০২ জনের। সেই হিসাবে হামে মোট ১ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৬৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৯০, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬১, খুলনায় ৪৫ ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছে।











