দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার ক্যাপ্টেনসহ ১৬ নাবিক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালিতে টানা ১১৫ দিন আটকে থাকার দুঃসহ অভিজ্ঞতার অবসান ঘটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক দেশে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে গতকাল মঙ্গলবার বিকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত আসা নাবিকদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নাবিক রয়েছেন। প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জাহাজ থেকে সাইনঅফ করলেও ব্যক্তিগত কারণে তিনি সরাসরি দেশে ফেরেননি।

বিএসসি সূত্র জানায়, দীর্ঘ সময় জাহাজে দায়িত্ব পালন এবং যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট মানসিক ও শারীরিক চাপ বিবেচনায় নিয়ে এসব নাবিককে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের স্থলে নতুন নাবিকদের একটি দল ইতোমধ্যে ডারবানে জাহাজে যোগ দিয়েছে। ফলে এমভি বাংলার জয়যাত্রা পরবর্তী পণ্য নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে গত ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি এলাকায় আটকা পড়ে জাহাজটি। কয়েক দফা চেষ্টা করেও প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় ৩১ জন বাংলাদেশি নাবিককে প্রায় চার মাস অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। অবশেষে ২৩ জুন জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পৌঁছে এবং পরে দক্ষিণ আফ্রিকার ডারবানে যায়।

বিএসসি জানিয়েছে, জাহাজের বাকি নাবিকরা বর্তমানে দায়িত্ব পালন করছেন। প্রয়োজন হলে পরবর্তী গন্তব্য মালয়েশিয়া থেকে আরো কয়েকজন নাবিককে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাঙ্গুর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকিতে বসতঘর
পরবর্তী নিবন্ধযুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে