দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপি প্রস্তুত আছে

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ বিরুদ্ধে গতকাল শনিবার নগরের মাঝিরঘাট ও লালখান বাজারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে একটি মহল দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে দাবি করে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটিয়ে তার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপানোর চেষ্টা করতে পারে। কিন্তু বিএনপি প্রস্তুত। কোনো ঘটনা ঘটিয়ে তার দায় রাজনৈতিকভাবে চাপিয়ে দিয়ে দেশে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপি প্রস্তুত আছে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মহানগর বিএনপি ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে নগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে ধারাবাহিক মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।

মাঝিরঘাটে বিক্ষোভ মিছিল : সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল বিকেলে মাঝির ঘাট রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শুভপুর বাস স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সভাপতিত্ব করেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী সালাউদ্দিন। আবুল হাশেম বক্কর বলেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে কোনোভাবেই বিপথে নেওয়া যাবে না। একটি মহল পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটিয়ে তার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপানোর চেষ্টা করতে পারে। তাই নেতাকর্মীদের আবেগের বশবর্তী না হয়ে প্রতিটি বিষয়ে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। কেউ উসকানি দিলেই রাস্তায় নেমে পড়া নয়, আগে বুঝতে হবে কারা এর পেছনে আছে এবং কার স্বার্থে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ইসরাফিল খসরু বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আমাদের শক্তি অস্ত্র বা সন্ত্রাস নয়, আমাদের শক্তি জনগণ। তাই পাড়া–মহল্লায় মানুষের পাশে থেকে তাদের সঙ্গে নিয়ে অপতৎপরতা মোকাবিলা করতে হবে। কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া এবং বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, মো. ইলিয়াস, খোরশেদ আলম, মো. শাহাজাহান, সৈয়দ তসলিমুর রহমান, মুসা বাবলু, আমীর আহম্মদ, মোহাম্মদ বেলাল, নুর খান, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আরাফাত, আনোয়ারুল আবেদীন মুন্না, শেখ আজম রাজু, মোহাম্মদ জুয়েল ও মো. রাব্বিসহ সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লালখান বাজারে বিক্ষোভ : ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল লালখান বাজার ইস্পাহানির মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁদমারি রোড হয়ে ওয়াসার মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপি প্রস্তুত আছে। তিনি বলেন, বিরোধী দল গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে, এতে আপত্তি নেই। তবে কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি কিংবা দেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। জনগণের জানমাল ও দেশের স্থিতিশীলতা রক্ষায় বিএনপির নেতা–কর্মীদের শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে সব অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্যসচিব মুস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও আব্দুল হালিম শাহ আলম, নগর বিএনপির সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন এবং মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা নাসিম বাপ্পি।

১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি : ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতা মিজানের ও ফজর আলীর নেতৃত্বে এই মিছিলে ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি চৌধুরী সাযেফুদ্দিন রাশেদ সিদ্দিকী এবং সদস্য সচিব মো. সরোয়ার উদ্দিন। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা মো. কটি, মো. ফজর আলী, মো. মামুন, ইব্রাহিম লালন মো. শফিকুল ইসলাম, মো. মুন্না খান, মো. মিজান, মো. আবু মুছা, মো. মিন্টু, মুনমুন জাহাঙ্গীর, বাদশা জাহাঙ্গীর, মো. নাজমুল, মো. শফি, কুতুব উদ্দিন নয়ন, মো. রুবেল, মো. আরিফ, ফারুক হোসেন বাবু, জালাল উদ্দিন জনি, মো. নাজিম, মো. মহিউদ্দিন, মো. মো. হানিফসহ ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ