দুই দালালকে কারাদণ্ড দিল বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে দুই মাস এবং অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল বুধবার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত১২ নগরীর চট্ট মেট্রো২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার চিকনদন্ডী গ্রামের মাহাবুল আলমের ছেলে মো. রহিম (৪৬) এবং তৈয়বিয়া পাড়া গ্রামের মাহাবু আলমের ছেলে কায়সার আহমদ মুন্না (৩২)

বিআরটিএ জানায়, অভিযানের সময় দালালির অভিযোগে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় রহিমকে দুই মাস এবং কায়সার আহমদ মুন্নাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত১২এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন। বিআরটিএ জানিয়েছে, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজানুয়ারিতে নয়, আগামী বছরের এসএসসি মার্চে শুরুর চিন্তা
পরবর্তী নিবন্ধকেইপিজেডে দিনেও হাতি আতংক