নগরীর কর্ণফুলী টানেল সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় আহত আনসার সদস্য সুলতান মিয়া মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই দুর্ঘটনায় আনসার সদস্য মো. আব্দুল জব্বার ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ আনসার ও ভিডিপির উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোট ২৩ জন অঙ্গীভূত আনসার সদস্য আহত হন। আহতদের মধ্যে ১৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দিয়েছে। বর্তমানে চিকিৎসাধীন সদস্যদের একজন আইসিইউতে চিকিৎসাধীন, একজন (গাড়িচালক) হাসপাতালের ওয়ার্ডে ভর্তি, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।












