খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প গত ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি দীঘিনালা জোন। দীঘিনালা মডেল বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটির, রোটারি ক্লাব চিটাগং খুলশী সেন্ট্রাল, বীরমুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের চক্ষু চিকিৎসক,দীঘিনালা জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় সহস্রাধিক পাহাড়ি ও বাঙালিদের চিকিৎসা সেবা দেন। সেবা গ্রহণের মধ্যে ছিল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় চোখের ওষুধপত্র, ১৮০ জনকে চশমা বিতরণ করা হয়। চক্ষু ক্যাম্প থেকে দুই শতাধিক জন ছানি রোগী বাছাই করে লায়ন্স চক্ষু হাসপাতালে দীঘিনালা জোনের সহযোগিতার মাধ্যমে আগামী ১৬ মে লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রোগেসিভ সাউথ ও লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য উদ্যোগ নেওয়া হয়।
ক্যাম্প পরিদর্শন করেন লেফটেন্যান্ট কর্নেল মো. আল–আমিন। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় যেখানে চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন,সেখানে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশেষ করে চক্ষু চিকিৎসায় ঘাটতি পূরণে এই আয়োজনের মূল লক্ষ্য। এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন, রোটারিয়ান কুমার সুইচিং প্রু সাইন, রোটারিয়ান মুহাম্মদ সাজেদুল হক, লায়ন মোহাম্মদ আকতার হোসেন ও মোহাম্মদ আলী,ক্যাম্প কর্ডিনেটর মোহাম্মদ জসীম উদ্দিন, ১নং মেরুং ইউপি চেয়ারম্যান মিনা চাকমা, চয়ন বিকাশ চাকমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














