চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের উদ্যোগে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে স্মারক বক্তা ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া। চবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সচিব ও লেখক সম্পদ বড়ুয়া।
স্মারক বক্তব্যে সুব্রত বড়ুয়া বলেন, বিজ্ঞানসাহিত্য বিষয়টি সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত না হলেও আমাদের ভাষায় অনেক মনীষী এ বিষয়ে কাজ করেছেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা ভাষায় বিজ্ঞানীদের জীবনভিত্তিক গ্রন্থ রচনার পথিকৃৎ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি অক্ষয়কুমার দত্তের সার্থক বিজ্ঞান গ্রন্থ রচনা এবং শান্তিনিকেতনে বিজ্ঞান চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
বাংলাদেশে বিজ্ঞান চর্চায় অধ্যাপক জামাল নজরুল ইসলাম, আবদুল্লাহ আল–মুতী ও দ্বিজেন শর্মার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সুব্রত বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান উচ্চশিক্ষা পর্যায়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ওপর গুরুত্বারোপ করেন। উপ–উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দীন খানও একই আহ্বান জানান।














