ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, চট্টগ্রামের স্বাস্থ্যখাত নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই আন্তরিক। তিনি চট্টগ্রামসহ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করছেন। আশাকরি, এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে চট্টগ্রাম থেকেই মানুষ বিশ্বমানের সেবা পাবেন। চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ হার্টের হাসপাতাল নেই। হার্ট ফাউন্ডেশন হাসপাতাল হওয়ার ক্ষেত্রে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
গতকাল শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জন্মগত হৃদরোগ, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অস্বচ্ছল রোগীদের আর্থিক অনুদান প্রদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৫০ হাজার টাকা করে ৩৮ জন রোগীকে এই চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ২০০ জন রোগীকে এসব চেক বিতরণ করা হবে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জসিম উদ্দিন, সহসভাপতি এসএম আবু তৈয়ব, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, ডা. একেএম নাছির উদ্দিন, অনারারী অ্যাডভাইজার (ল্যাব) মো. আবুল কালাম (তোহফা), অপারেশনাল কমিটির আহ্বায়ক হাসিনা আক্তার লিপি।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, চট্টগ্রামে হৃদরোগ হাসপাতাল নির্মাণ দীর্ঘদিনের প্রতিক্ষার একটি বিষয়। এই হাসপাতাল নির্মাণ হলে চট্টগ্রামের অবহেলিত রোগীরা নিরাপদ চিকিৎসাসেবা পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।














