থাইল্যান্ডে অস্ত্র আইন কঠোর হচ্ছে

এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে এক কিশোরের ছোড়া গুলিতে আটজন নিহতের ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। তিনি বলেছেন, জনসম্মুখে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে। খবর বিডিনিউজের।

নতুন আইনে কেবল কর্তব্যরত সরকারি কর্মকর্তাদের অস্ত্র বহনের অনুমতি দেওয়ার ভাবনা রয়েছে। শুক্রবার ভোরে নিজ ফ্ল্যাটে ৭৩ বছর বয়সি দাদা ও ৭৪ বছর বয়সি দাদিকে মাথায় গুলি করে হত্যা করে ১৪ বছর বয়সি এক কিশোর। এরপর ৯ মিলিমিটারের পিস্তল ও কয়েক ডজন গুলি নিয়ে তিনি একটি সাধারণ স্কুলবাসে চড়ে দেবসিরিন ননতাবুরি স্কুলে যান। সকাল ৮টা ৩০ মিনিটে প্রথম এবং ৯টা ২০ মিনিটে দ্বিতীয় ক্লাসে অংশ নের তিনি। দ্বিতীয় ক্লাস শুরুর প্রায় আধা ঘণ্টা পর ব্যাগ থেকে পিস্তল বের করে হঠাৎ এলোপাতাড়ি গুলি শুরু করেন ওই শিক্ষার্থী। স্কুলের ষষ্ঠ তলায় তিনি প্রথমে তিন শিক্ষককে গুলি করে হত্যা করেন। গোলাগুলির শব্দ শুনে কী হচ্ছে তা দেখতে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন স্কুলের উপপরিচালক ও তার সচিব। তাদেরও গুলি করে হত্যা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ ভবনের ভেতর থেকে হামলাকারী কিশোরের নিথর দেহ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধতিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান
পরবর্তী নিবন্ধইতালির যাত্রীদের জন্য পাল্টা কড়াকড়ি স্পেনের