তীব্র গরমে কাহিল মানুষ বেড়েছে দুর্ভোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৪:৫৬ পূর্বাহ্ণ

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে নগরের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গতকাল শুক্রবার রেকর্ড হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রেকর্ডকৃত মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শুধু গতকাল নয়, একটানা গত ১৩ দিন নগরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে গরম অনুভূতিও। সাধারণ মানুষ বলছেন, ভোরে সূর্য ওঠার পর থেকে সময় যতই যায় রোদের তেজ এবং গরম দুটোই যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে। ফলে তীব্র গরমে কাহিল তারা। বিশেষ করে শ্রমজীবী ও খেটেখাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে গরমে। গতকাল সকালে মুরাদপুরে রিকশাচালক ফয়সাল আজাদীকে বলেন, আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালাতাম। এখন গরমের কারণে পুরোদিন চালাতে পারছি না। ঘামাতে ঘামাতে শরীরের অবস্থা কাহিল হয়ে যায়। বাধ্য হয়ে দুপুরে দুয়েক ঘণ্টা বিশ্রাম নিই। এতে আয়ও কম হচ্ছে।

রাজু নামে এক পথচারী বলেন, লোডশেডিংও বেড়েছে। বিদ্যুৎ না থাকায় ফ্যান চালাতে পারি না। এতে বাসার বয়স্ক ও ছোট শিশুরা তীব্র গরমে হাঁসফাঁস করলেও কিছু করার থাকে না।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল নগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে শান্তি আলোচনায় অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে জট
পরবর্তী নিবন্ধগরমে চাহিদার তুঙ্গে তালপাতার হাতপাখা