সেশেলস, মরিশাস ও মাদাগাস্কার তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রত্যাহার করার পর আফ্রিকার দেশ এসওয়াতিনি সফর বাতিল করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং–তে। তাইওয়ানের কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, চীনের প্রবল চাপ ও অর্থনৈতিক জবরদস্তির কারণে ওই তিন দেশ তাদের আকাশসীমা দিয়ে লাইয়ের ফ্লাইট যাওয়ার অনুমতি বাতিল করেছে। চীন জবরদস্তির অভিযোগ প্রত্যাখ্যান করে আফ্রিকার ওই তিন দেশের উচ্চ প্রশংসা করেছে। খবর বিডিনিউজের।
বিবিসি জানিয়েছে, জানামতে এটিই প্রথম ঘটনা যেখানে ফ্লাইট অনুমতি প্রত্যাহার করার কারণে তাইওয়ানের একজন প্রেসিডেন্ট তার বিদেশ সফর বাতিল করতে বাধ্য হলেন। আগে সোয়াজিল্যান্ড নামে পরিচিত দেশ এসওয়াতিনি আফ্রিকায় তাইওয়ানের একমাত্র কূটনৈতিক মিত্র। এটি তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া মাত্র ১২টি দেশের একটি। এদের বেশিরভাগই লাতিন আমেরিকা অথবা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট ছোট দেশ। চীন ‘এক চীন’ নীতি মেনে চলে। এই নীতি অনুযায়ী, চীন তাইওয়ানকে তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে বিবেচনা করে আর স্ব–শাসিত দ্বীপটির ওপর সার্বভৌমত্ব দাবি করে।













