‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিনএই অভ্যাস আমাদের প্রত্যেককে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি গতকাল সোমবার চান্দগাঁও চন্দ্রিমা আবাসিক এলাকায় চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ আহ্বান জানান। খবর বাংলানিউজের।

এ ক্রাশ প্রোগ্রামের আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন, লার্ভা ধ্বংস ও প্রয়োজনীয় ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়।

মেয়র জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ৩ মাসব্যাপী পরিকল্পনা গ্রহণ করে প্রতিটি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। তিনি বলেন,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে কার্যক্রম তদারক করছেন। এজন্য বিএনসিসি, রেড ক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ কার্যক্রমে সম্পৃক্ত করেছি আমরা।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে : এমপি সুফিয়ান
পরবর্তী নিবন্ধসরফভাটায় ফুটবল টুর্নামেন্টে পূর্ব সরফভাটা একাদশ চ্যাম্পিয়ন