সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হাই কোর্ট দিয়েছিল, আপিল বিভাগেও তা বহাল রয়েছে। খবর বিডিনিউজের।
মামলাটি বাতিলের আবেদন খারিজ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করেছিলেন গত এক যুগের বেশি সময় ধরে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে থাকা জোবাইদা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ গতকাল বুধবার তা খারিজ করে দিয়েছে।
আদালতে জোবাইদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান। খুরশিদ আলম খান বলেন, আপিল বিভাগ লিভ টু আপিলের আবেদনটি খারিজ করে দিয়েছে। এখন এ মামলার কার্যক্রম চালিয়ে নিতে আর কোনো আইনগত বাধা থাকল না।













