বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১২ জুলাই সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এবারের জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে-‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএএইচ মঈনুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন মুহুরী। সভাপতির বক্তব্যে এমএএইচ মঈনুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান-‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এই স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে দেশের তরুণ সমাজের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা জরুরি। তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমেই কেবল একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫–২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ হলো : শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: ইব্রাহীম হোসেন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আজম উদ্দীন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা সুপর্ণা বড়ুয়া, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ঊষা প্রভা দেবী, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আবদুল্লাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদ।












