তাইপেকে উড়িয়ে পদক নিশ্চিত করল বাংলাদেশ

এশিয়ান বিচ গেমস কাবাডি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে দুর্দান্ত দাপট দেখাচ্ছে বাংলাদেশের নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারীরা। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এই আসরে দেশের জন্য অন্তত একটি ব্রোঞ্জ পদক জয়ও নিশ্চিত করল লালসবুজ প্রতিনিধিরা। গতকালের ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে লড়াই কিছুটা সমানেসমান মনে হলেও ২৫১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা।

তাইপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৫৯২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পা রাখার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ।

টানা দুই ম্যাচে এমন বিশাল ব্যবধানের জয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে। গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশের যাত্রা এখানেই থামছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বর্তমান ফর্ম বজায় থাকলে এবার এশিয়ান বিচ গেমস থেকে বড় কোনো সাফল্য আসবে বলেই আশা করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। নারী দল উড়ন্ত ফর্মে থাকলেও এবারের আসরে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশের পুরুষ দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর আজ তারা ইরানের মুখোমুখি হয়েছিল। তবে ইরানের শক্তিশালী আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি লালসবুজের পুরুষ প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ৪৭৩১ পয়েন্ট ব্যবধানে জয় পায় ইরান, যা বাংলাদেশের পুরুষ দলের জন্য টানা দ্বিতীয় পরাজয়।

পূর্ববর্তী নিবন্ধআচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোচ্ছে : মুশতাক