আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। গত বুধবার রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচে লেভেল–১ অপরাধে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে নাহিদা ও শারমিনকে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন নাহিদা। শ্রীলংকার দলের অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড আউট করার পর প্যাভিলিয়নে ফেরার ইশারা দেন নাহিদা। ম্যাচে ৭.২ ওভার বল করে ২১ রানে ৪ উইকেট নেন তিনি। অন্যদিকে, আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন শারমিন। শ্রীলংকা অধিনায়ক ও স্পিনার আতাপাত্তুর বলে এলবিডব্লিউ হবার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন এবং সাজঘরে ফিরতে দেরি করেন তিনি। আউট হবার আগে ৩৯ বলে ২৫ রান করেন শারমিন।
নাহিদা ও শারমিনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন ঐ ম্যাচের অনফিল্ড আম্পায়ার ইলোইস শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানী এবং চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির। আর্থিক জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে নাহিদা ও শারমিনের নামের পাশে। গত ২৪ মাসের মধ্যে এটিই তাদের প্রথম অপরাধ। নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন নাহিদা ও শারমিন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণবিধির লেভেল–১ লঙ্ঘনের সর্বনিম্ন শাস্তি হিসেবে তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।














