বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোচ্ছে : মুশতাক

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন মুশতাক আহমেদ। স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকার কারণে অনেক কিছু ভালোভাবে জানা তার। নিউজিল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ক্রিকেটের গতিপথ নিয়ে নিজের মতামত দিলেন পাকিস্তানের সাবেক স্পিনার। চট্টগ্রামের উইকেট কেমন হবে ও নাসুমমেহেদীর ফর্ম নিয়েও মুশতাক বলেন, ‘নাসুম ও মেহেদী অসাধারণ, খুব ভালো করছে। ওয়ানডে সিরিজে মিরাজও ভালো করেছে। স্পিনাররা ভালোই বল করছে। এমনকি পেসাররাওৃ তারা উইকেট এনে দিচ্ছে। এই পিচে কিছুটা স্পিন ধরতে পারে। এখানে বল ঘুরাতে হবে।’ শেষ ওয়ানডেতে রিশাদের না থাকা নিয়ে মুশতাক বলেন, ‘রিশাদ শেষ ওয়ানডের একাদশে ছিল না। এটা ওর উন্নতির অংশ। মাঝে মাঝে আপনাকে বাইরে বসতে হবে। মানসিকভাবে শক্ত করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট হলো মাইন্ড গেম, গ্রেট টেম্পারমেন্ট থাকতে হবে। স্কিল আপনাকে এতদূর নিয়ে আসবে। তবে টিকে থাকতে হবে স্ট্রং মাইন্ডসেট দিয়ে। কোচ হিসেবে ওকে মানসিকভাবে আরও দৃঢ় করা আমার কাজ। ওকে আসলে ড্রপ দেওয়া হয়নি। সে ভালো বল করেছে। আমরা চেষ্টা করি সব স্পিনার যেন ম্যাচ পায়। তাই কেউ একাদশে না থাকলেও যেন ইতিবাচক থাকে মানসিকভাবে।’ বাংলাদেশ ক্রিকেট ঠিক পথে এগোচ্ছে জানিয়ে মুশতাক বলেন, ‘সাদা বলের ক্রিকেটকে শক্তিশালী করতে হবে। এটা তরুণদের বিশ্বাস তৈরি করে। সাকলাইন, রিপনের মতো অনেকে আছে নতুন। বেঞ্চ শক্তিশালী করতে হবে, আবার ম্যাচও জিততে হবে। বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে। টি২০ বিশ্বকাপ দূরে আছে। এই সময়ে আবার ৫০ ওভারের জন্যও খেলোয়াড় তৈরি করা যাচ্ছে। এখানে ভালো করলে ওরা ওয়ানডেও ভালো করবে।’

পূর্ববর্তী নিবন্ধতাইপেকে উড়িয়ে পদক নিশ্চিত করল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ‘শারীরিক উৎকর্ষতা আর হৃদ্যতার অপূর্ব বন্ধন স্পোর্টস কার্নিভাল’