ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে ছিটকে পড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হাজিরা দিলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়। খবর বিডিনিউজের। স্থানীয় সময় সোমবার বেলা ১১টার আগে কলকাতার সল্টলেকে তদন্ত সংস্থা ইডির দপ্তরে তিনি হাজির হন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে আসে। এ কোম্পানির সঙ্গে লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য পাওয়ার পর অভিষেককে তলব করা হয়। তৃণমূল সাধারণ সম্পাদককে মামলায় এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আনন্দবাজার লিখেছে, এদিন অভিষেকের হাজিরা নিয়ে ইডি দপ্তর সিজিও কমপ্লেক্সে বাড়তি কোনো নিরাপত্তা দেখা যায়নি। আগে অভিষেক এ ভবনে এলে বাড়তি সতর্কতা থাকত গোটা চত্বরে, সাংবাদিকদের প্রবেশেও কড়াকড়ি করা হত। দেড় দশকের তৃণমূল কংগ্রেস সরকারকে হটিয়ে গত মাসে প্রথমবার সরকার গঠন করে পশ্চিমবঙ্গ বিজেপি। এর মধ্যে তুমুল চাপের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। দলটিতে তৈরি হয়েছে বিদ্রোহী গোষ্ঠী।











