ঢাকায় ইনকিলাব মঞ্চের হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করা হয়। গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতাকর্মীরা নগরীর ষোলশহর দুই নম্বর গেটের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ঘণ্টাখানেকের মধ্যে সেখানে বিপুল সংখ্যক ছাত্রজনতার জমায়েত তৈরি হয়। আন্দোলনের কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও দুই নম্বর গেট থেকে চকবাজার সড়ক, বায়েজিদ সংযোগ সড়কে যান চলাচল কমে যায়।

বিক্ষোভকারীরা এসময় বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পাশাপাশি বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা।

ইনকিলাব মঞ্চের চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ঢাকায় আমাদের কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা করেছে। আমরা শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। ঢাকায় পুলিশি হামলায় জড়িতদের শাস্তি চাই। কেন্দ্র থেকে দেওয়া কর্মসূচির অংশ হিসেবে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যতক্ষণ কেন্দ্রীয় সিদ্ধান্ত আসবে না ততক্ষণ কর্মসূচি চলবে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবদুল করিম দৈনিক আজাদীকে বলেন, ২নং গেট মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। তবে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমাদের পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর আগে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ‘যমুনা’ অভিমুখে অগ্রসর হওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধযমুনার সামনে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, পরে শাহবাগ অবরোধ
পরবর্তী নিবন্ধটেকনাফে বাস টমটম মুখোমুখি সংঘর্ষ, নিহত ২