দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১৭৮২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২০৯ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৪ দিনেই প্রাণ গেছে ১১৩ জনের; যা মাসের হিসাবে বছরের সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫১ জন ভর্তি হয়েছে। দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৯৪ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩৭১ জন। খবর বিডিনিউজের।
অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৮৮ জন, বরিশালে ১৬৪ জন, খুলনায় ২৮৬ জন, ময়মনসিংহে ১০৮, রাজশাহীতে ১৩০, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৭ জন ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় ১৭৫৭ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর মোট ৬৯ হাজার ১৪৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ হাজার ৮৭৪ জন হাসপাতাল ছেড়ে গেছে।













