ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার আদালতে তোলা হলে প্রসিকিউটর জানান, দোষী সাব্যস্ত হলে ৩১ বছর বয়সী অ্যালেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। খবর বিডিনিউজের।
হামলাকারী অ্যালেন শনিবার রাতে ঘটনাস্থলে শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়েন। রয়টার্স জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা অ্যালেনকে কড়া পাহারায় ওয়াশিংটন ফেডারেল আদালতে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউটর জোসেলিন ব্যালানটাইন বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন। যুক্তরাষ্ট্রে সামপ্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার যে ধারা দেখা যাচ্ছে, এই ঘটনাকে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত সেপ্টেম্বরে এক সমাবেশে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়।
তার কয়েক মাস আগেই মিনেসোটার এক ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও তার স্বামী হত্যাকাণ্ডের শিকার হন। এছাড়া ২০২৪ সালের নির্বাচনি প্রচারের সময়ও ট্রাম্প দুইবার হত্যাচেষ্টার লক্ষ্যস্থল হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তদন্তকারীদের ধারণা, অ্যালেন মূলত ট্রাম্পকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছেন। হামলার রাতে আত্মীয়দের পাঠানো এক ইমেইলে তিনি প্রেসিডেন্টকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছিলেন।














