ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনা, নিহত ১৪ আহত ৮৪

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:২৬ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের এক ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ৮৪ জন আহত হয়েছেন বলে গতকাল মঙ্গলবার ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে বেকাসিতে দূরপাল্লার এক ট্রেনের সঙ্গে একটি কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। খবর বিডিনিউজের। ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত রেলওয়ে প্রতিষ্ঠান পেতে কাই এর প্রধান নির্বাহী ববি রাশেদিন গতকাল জানান, এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে, তবে দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলো থেকে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করার কাজটি বেশ জটিল ছিল। এ সংঘর্ষের ঘটনায় নারীদের একটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর হতাহতের অধিকাংশই নারী। এর আগে এক সংবাদ সম্মেলনে ববি জানিয়েছিলেন, প্রথমে কমিউটার ট্রেনটি লাইনের ওপর থাকা একটি ট্যাক্সিকে ধাক্কা দেয়, এরপর দূরপাল্লার ট্রেনটি এসে কমিউটারটিকে আঘাত করে। ট্যাক্সি পরিচালনা কোম্পানি গ্রিন এসএম ইন্দোনেশিয়া ইনস্টাগ্রামে জানিয়েছে, যে ট্যাক্সিটি এই দুর্ঘটনায় ছিল সেটি তাদের বহরের অংশ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বেকাসির হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বৈশাখী কনসার্ট মাতাবেন তারা
পরবর্তী নিবন্ধট্রাম্পের নৈশভোজে গুলি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অভিযুক্তের