বাংলাদেশ অর্থনৈতিক বহুমুখীকরণের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক শিল্পনির্ভর হলেও বর্তমানে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন উৎস, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক উন্নয়নের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে ট্যুরিজম অন্যতম।
প্রাকৃতিক সৌন্দর্য, নদীমাতৃক ভূগোল, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, পাহাড়ি অঞ্চল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য–সব মিলিয়ে বাংলাদেশ ট্যুরিজমের জন্য এক অসাধারণ সম্ভাবনাময় গন্তব্য হতে পারত। তবে বাস্তবতা হলো, এই বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো ট্যুরিজমকে একটি শক্তিশালী অর্থনৈতিক খাত হিসেবে পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেনি।
ট্যুরিজমের বর্তমান অবস্থার সীমাবদ্ধতা : বাংলাদেশে ট্যুরিজম খাত এখনও মূলত অবকাঠামো উন্নয়ন ও প্রচারমূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ। ফলে ট্যুরিজমকে একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে গড়ে তোলার জন্য যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ, সেবা মান উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রয়োজন–তা এখনও যথেষ্টভাবে গড়ে ওঠেনি।
বিশ্ব ট্যুরিজম বাজারে বাংলাদেশের উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত। অনেক সম্ভাবনাময় ট্যুরিজম গন্তব্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ব্র্যান্ডিং, গন্তব্য ব্যবস্থাপনা এবং অভিজ্ঞতাভিত্তিক ট্যুরিজম উন্নয়নের ঘাটতি স্পষ্টভাবে দেখা যায়।
আন্তর্জাতিক উদাহরণ: নেপাল ও শ্রীলঙ্কার অভিজ্ঞতা : নেপাল ও শ্রীলঙ্কা ট্যুরিজমকে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে।
নেপাল তার প্রাকৃতিক সৌন্দর্য, ট্রেকিং রুট, ধর্মীয় ও অ্যাডভেঞ্চারভিত্তিক ট্যুরিজমকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্তিশালী পরিচিতি তৈরি করেছে। ধারাবাহিক প্রচারণার মাধ্যমে দেশটি ট্যুরিজমকে জাতীয় ব্র্যান্ডে পরিণত করেছে।
অন্যদিকে শ্রীলঙ্কা যুদ্ধ–পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনে ট্যুরিজমকে অন্যতম প্রধান খাত হিসেবে ব্যবহার করেছে। সমুদ্রভিত্তিক ট্যুরিজম, ঐতিহ্য, সংস্কৃতি এবং ইকো–ট্যুরিজমকে কেন্দ্র করে তারা আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
এই দুই দেশের অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয়, ট্যুরিজম কেবল প্রাকৃতিক সম্পদ বা দর্শনীয় স্থান নির্ভর নয়; বরং এটি একটি পরিকল্পিত অর্থনৈতিক শিল্প, যেখানে ব্র্যান্ডিং, সেবা, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ: বাংলাদেশের ট্যুরিজম খাত কয়েকটি মৌলিক চ্যালেঞ্জের মুখোমুখি।
প্রথমত, ট্যুরিজম উন্নয়ন এখনো অবকাঠামো–কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ, ফলে অভিজ্ঞতাভিত্তিক উন্নয়ন তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে ট্যুরিজম ব্র্যান্ডিং এখনও দুর্বল, যার কারণে বৈশ্বিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের অবস্থান সীমিত। তৃতীয়ত, ট্যুরিজম পণ্যের বৈচিত্র্য ও মান উন্নয়ন পর্যাপ্ত নয়; অনেক ক্ষেত্রেই ট্যুরিজমকে শুধুমাত্র দর্শনীয় স্থান ভ্রমণে হিসাবে হয়, যেখানে আধুনিক ট্যুরিজম শিল্পে অভিজ্ঞতা ও সেবার মানই মূল কেন্দ্রবিন্দু।
চতুর্থত, দক্ষ জনবল ও সেবা ব্যবস্থার ঘাটতির কারণে আন্তর্জাতিক মানের ট্যুরিজম অভিজ্ঞতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
সম্ভাবনা ও ভবিষ্যৎ চিত্র : বাংলাদেশের ট্যুরিজম খাতের সবচেয়ে বড় শক্তি হলো এর প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত, সুন্দরবনের জীববৈচিত্র্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য, সিলেটের চা–বাগান, কুয়াকাটা ও সেন্ট মার্টিনের সামুদ্রিক আকর্ষণ এবং অসংখ্য প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন–সব মিলিয়ে বাংলাদেশ একটি বৈচিত্র্যময় ট্যুরিজম গন্তব্য হতে পারে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, যেখানে ট্যুরিজমকে কেবল একটি খাত হিসেবে নয় বরং একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা–ভিওিক শিল্প হিসেবে বিবেচনা করা হবে।
আধুনিক ট্যুরিজম উন্নয়নে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো– গন্তব্যভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, ট্যুরিজম অভিজ্ঞতার মান বৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী ব্র্যান্ডিং, দক্ষ মানবসম্পদ গঠন, ডিজিটাল প্রচারণা ও প্রযুক্তির ব্যবহার, স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি।
উপসংহার: বাংলাদেশের ট্যুরিজম খাতের প্রকৃত চ্যালেঞ্জ শুধু প্রাকৃতিক সম্পদের অভাব নয়; বরং সেই সম্পদকে বিশ্বমানের ট্যুরিজম অভিজ্ঞতায় রূপান্তরের সক্ষমতার ঘাটতি। সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা গেলে বাংলাদেশও বৈশ্বিক ট্যুরিজম মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে।
ট্যুরিজম খাতকে টেকসইভাবে বিকশিত করতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব হবে।
লেখক : ডিরেক্টর, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। প্রাক্তন শিক্ষার্থী,
অর্থনীতি বিভাগ, চবি।











