মানুষের ইতিহাসে আগুনের আবিষ্কার এক যুগান্তকারী ঘটনা। প্রায় ৭৮০,০০০ বছর আগে ইসরায়েলের গেশার বেনট ইয়াকভ সাইটে মাছ রান্নার সবচেয়ে প্রাচীন প্রমাণ পাওয়া গেছে। কেউ কেউ মনে করেন, হোমো ইরেক্টাসের সময় থেকে, প্রায় ১.৮ মিলিয়ন বছর আগে থেকেই নিয়ন্ত্রিত আগুনের ব্যবহার শুরু হয়েছিল। আগুন শুধু উষ্ণতা আর সুরক্ষা দেয়নি, খাবারকে সম্পূর্ণ নতুন করে তুলেছে।
আগুনের আগে মানুষের খাদ্য ছিল কাঁচা। ফল, বাদাম, শিকারের মাংস আর শিকড় সবই অপরিবর্তিত অবস্থায় খাওয়া হতো। কাঁচা খাবার হজম করতে শরীরের অনেক শক্তি লাগতো, দাঁত আর চোয়াল বড়ো হতো, আর মস্তিষ্কের বৃদ্ধি সীমিত ছিল। রান্না শুরু হওয়ার পর সব বদলে গেল। আগুন প্রোটিন আর স্টার্চ ভেঙে দেয়, খাবার নরম করে, ক্ষতিকর জীবাণু মেরে ফেলে এবং পুষ্টি শোষণ সহজ করে। গবেষণায় দেখা গেছে, রান্না করা খাবার থেকে স্টার্চ থেকে ১২–৩৫% আর প্রোটিন থেকে ৪৫–৭৮% বেশি ক্যালরি পাওয়া যায়। এই অতিরিক্ত শক্তি মস্তিষ্কের আকার বাড়াতে সাহায্য করেছে। আমাদের ছোটো দাঁত, ছোটো চোয়াল আর ছোটো পাচনতন্ত্র সবই রান্না করা খাবারের সাথে খাপ খাইয়ে বিবর্তিত হয়েছে।
প্রথম দিকে রান্নার পদ্ধতি ছিল খুব সহজ। মাংসকে সরাসরি আগুনের উপরে ঝুলিয়ে বা গরম কয়লার উপর রেখে রোস্ট করা হতো। গর্ত খুঁড়ে মাটির উনুন বানানো হতো, ভেজা পাতায় মুড়ে বাষ্পে রান্না করা হতো। এই সাধারণ কাজগুলো মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছিল। রান্না করা খাবার খেতে কম সময় লাগতো, ফলে শিকার, সংগ্রহ আর বিশ্রামের জন্য বেশি সময় পাওয়া যেত। আগুনের চারপাশে বসে খাবার ভাগাভাগি করা সামাজিক বন্ধন তৈরি করেছিল, হয়তো ভাষার উৎপত্তিতেও ভূমিকা রেখেছিল।
প্রায় ১০,০০০ বছর আগে কৃষির আবিষ্কার খাবারের ইতিহাসে আরেক বড়ো পরিবর্তন এনেছিল। মানুষ ঘরে বসে গম, যব, ভুট্টা চাষ করতে শুরু করল। পশু পালন শুরু হলো। এর ফলে খাবারের সরবরাহ স্থিতিশীল হয়ে গেল। নিওলিথিক যুগে মাটির পাত্র আবিষ্কার হয়। এই পাত্রে পানি ফুটিয়ে সেদ্ধ করা, ঝোল বানানো সম্ভব হলো। প্রথম বন্ধ উনুন তৈরি হলো, যাতে রুটি আর অন্যান্য খাবার সেঁকা যায়। মিশরে আনলেভেনড ব্রেড আর লবণ দিয়ে মাংস সংরক্ষণের পদ্ধতি চালু হয়। মেসোপটেমিয়া আর চীনে জটিল রান্নার রেসিপি তৈরি হয়।
প্রাচীন সভ্যতাগুলোতে খাবার শ্রেণিবিন্যাসের প্রতীক হয়ে উঠেছিল। রোমান সম্রাটদের ভোজে বিদেশি মশলা, মাছের সস আর বিশেষ মাংস পরিবেশন করা হতো। চীনের শাং রাজবংশে উন্নত রান্নার পাত্র আর কৌশল ব্যবহার হতো। মধ্যযুগে ইউরোপে মশলার বাণিজ্য শুরু হয়। দারুচিনি, লবঙ্গ, জায়ফলের জন্য যুদ্ধ পর্যন্ত হয়েছে। এই মশলা খাবারকে শুধু স্বাদেই নয়, সংরক্ষণেও সাহায্য করতো।
১৪৯২ সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর ঘটে বিশাল বদল, কলম্বিয়ান এক্সচেঞ্জ। নতুন মহাদেশ থেকে আসে আলু, টমেটো, ভুট্টা, মরিচ, চকলেট, ক্যাসাভা, কুমড়ো। এগুলো পুরনো বিশ্বের খাবারকে একেবারে বদলে দেয়। ইউরোপে আলু অনাহার দূর করেছিল। টমেটো আর মরিচ ইতালীয় আর ভারতীয় রান্নায় অপরিহার্য হয়ে ওঠে। অন্যদিকে গম, ধান, গরু, শূকর নতুন মহাদেশে নিয়ে যাওয়া হয়। এই আদানপ্রদান ছাড়া আজকের অনেক জাতীয় খাবারই কল্পনা করা যেত না।
শিল্প বিপ্লব খাবারকে আরও বদলে দিয়েছে। ক্যানিং, রেফ্রিজারেশন, ফ্রিজিং আর ফ্যাক্টরি উৎপাদন এসেছে। খাবার সংরক্ষণ সহজ হয়েছে, সারা বছর ধরে যেকোনো খাবার পাওয়া যায়। কিন্তু এর সাথে এসেছে প্রসেসড ফুডের যুগ। চিনি, লবণ আর প্রিজারভেটিভ ভর্তি খাবার সস্তা আর সহজলভ্য হয়েছে, কিন্তু স্বাস্থ্য সমস্যাও বাড়িয়েছে। আজকের ফাস্ট ফুড আর রেডি টু ইট খাবার এই যুগের ফসল।
আধুনিক যুগে আমরা আবার নতুন ধরনের পরিবর্তন দেখছি। মলিকুলার গ্যাস্ট্রোনমি বিজ্ঞান আর রান্নাকে মিলিয়েছে। স্ফিয়ারিফিকেশন, ফোম, নাইট্রোজেন দিয়ে রান্না ,এসব এখন রেস্তোরাঁর মেনুতে। একই সাথে জৈব খাবার, স্থানীয় উপাদান আর ঐতিহ্যবাহী রান্নার দিকে ঝোঁক বাড়ছে। ভেগান, গ্লুটেন ফ্রি, কিটো ডায়েটের মতো ট্রেন্ড দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে টেকসই খাবার নিয়ে আলোচনা বাড়ছে, পোকামাকড়ের প্রোটিন বা ল্যাবে তৈরি মাংসের কথা চলছে।
আগুনের সেই প্রথম শিখা থেকে আজকের স্মার্ট কিচেন পর্যন্ত খাবার আমাদের সাথে বিবর্তিত হয়েছে। রান্না শুধু বেঁচে থাকার উপায় নয়, এটা আমাদের সংস্কৃতি, সমাজ আর পরিচয়ের অংশ। এই দীর্ঘ যাত্রায় আমরা শিখেছি যে, আগুন শুধু খাবার পোড়ায়নি, মানুষকে তৈরি করেছে। আমাদের মস্তিষ্ক, শরীর আর সমাজ–সবকিছুই রান্না করা খাবারের ঋণী।
আজ আমরা যখন রান্নাঘরে দাঁড়িয়ে মোবাইলের আলোয় রেসিপি দেখি, তখনও সেই প্রাচীন আগুনের উত্তাপ অনুভব করি। খাবারের ইতিহাস আসলে মানুষের ইতিহাস। আগুন আবিষ্কার না হলে আমরা আজ যে মানুষ, তা হতাম না।
লেখক : সমাজবিজ্ঞানী; উপাচার্য, চট্টগ্রাম বি জি এম ই এ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি, চট্টগ্রাম











