টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্রসহ আটক ১

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ হামিদ (৩৯)। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা কৌশলে গাড়িটি থামান।

পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের ভেতর থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় চালক মোহাম্মদ হামিদকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ জানান, তিনি এক রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করে উখিয়ার পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার জন্য বহন করছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ