কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার মো. আইয়ুব (৫৫) পশ্চিম পানখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল হাসেমের ছেলে।
র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আইয়ুবকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব জানায়, আইয়ুবের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আইনের আওতায় অপরাধীদের আনতে এ ধরনের অভিযান চলবে।














