কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দুটি জি–৩ রাইফেল, দুটি দেশীয় বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৪ কেজি বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। এ সময় অস্ত্র চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুতুপালং ক্যাম্পের মোঃ উসমান বেলাল ও মোঃ আনসার আলী এবং মোচনি ক্যাম্পের মোঃ মুসলিম। বিজিবি জানায়, লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পের এক সশস্ত্র ডাকাত দলের কাছে ভারী অস্ত্রের একটি চালান হস্তান্তরের গোপন খবর পায় টেকনাফ ব্যাটালিয়ন।
পরে একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিশ্চিত হয়ে ইজিবাইক ও তিনজনকে লেদা বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আলুর বস্তার ভেতর থেকে দুটি জি–৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি, চার কেজি বিস্ফোরক দ্রব্য, জর্দার কৌটা, লাল স্কচটেপ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।













