টেকনাফের সাবেক ইউপি সদস্যকে ৩ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক এক ইউপি সদস্যকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সমপরিমাণ তথা ৩৮ লাখ ৬৯ হাজার ৬৫১ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য এনামুল হক এসময় কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এনামুল হক (৩৬) কঙবাজার জেলার টেকনাফ থানার নাজির পাড়ার মোজাহার মিয়ার ছেলে। মামলা দায়েরের সময় তিনি টেকনাফ সদর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ কবির হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি সম্পদের তথ্য গোপনের দায়ে এনামুল হককে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।আদালতসুত্র জানায়, আসামি এনামুল হকের বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর ২০১৭ সালে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরবর্তীতে তার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তিনি তা দাখিল করেননি। অনুসন্ধানে উঠে আসে, এনামুল হক জ্ঞাত আয়বহির্ভূত ৩৮ লাখ ৬৯ হাজার ৬৫১ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এই ঘটনায় ২০২০ সালের ১০ মার্চ দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট অনুমোদন, ডিসেম্বরে উৎপাদনের আশা