জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রস্তাবিত হেবা–সংক্রান্ত বিধান পুনঃপর্যালোচনার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদ চত্বর থেকে শুরু হয়ে দুই নম্বর গেটস্থ বিপ্লবী উদ্যান প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, জাতীয় শিক্ষক ফোরাম, ওলামা ও আইম্মা পরিষদ এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মহানগর নেতৃবৃন্দও বক্তব্য দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জান্নাতুল ইসলাম প্রধানমন্ত্রী প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজির লাগাম টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং শরিয়াবিরোধী আইন বাস্তবায়ন থেকে সরে আসতে হবে। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দেশের মানুষ দ্রব্যমূল্য ও জীবনযাত্রায় স্বস্তি ফিরে পাবে এবং সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সুফল ভোগ করতে পারবে। একই সঙ্গে বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতির আলোকে মদিনা সনদের বাস্তবায়নের একটি রূপরেখা দেখতে পাবে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। সিন্ডিকেট, মজুতদারি, কালোবাজারি ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












