কোন এক ফাগুনের আগমনে ফুটেছিল ফুল
স্নিগ্ধ মন মাতানো সুবাসে ভরেছিলো চারিদিক
ভোমরের গুঞ্জনে লজ্জায় সদ্য ফোটা পুষ্পকলি
স্বর্গীয় প্রশান্তি মাখা এক অদ্ভুত মনের আরামে
বসন্তের ভোরে শীতল হিমেল পরশে প্রেয়সীর মতোই।
জড়িয়ে রেখেছে যেন আকাঙ্ক্ষার পরম আবেগে,
জামরুল ফুলের মোহনীয় সুবাসে ক্লান্তি ছেড়ে দেয় শরীর
দোয়েল পাখির কিচিরমিচির কানে কানে কী যেন বলে শুনি!
ভালোবাসা হয় অনুভবে জামরুল ফুলের সুবাসের মতোই।
ভালোবাসা হয় এক মোহনীয়তার স্পর্শে
কথার ফুলঝুরি থাকে যখন নিঃশ্বাসের খুব কাছাকাছি।
কোন এক বসন্তে জামরুল ফুলের মতো তুমি,
সদ্য ফোটা পুষ্পকলির মতো লাজুক হাসিতে
শীতল হাওয়ায় মিশে যেও অনুভবের পরশ বুলাতে।
কিছু অনুভূতি ছোঁয়া যায় না, দেখা যায় না
শুধু রয়ে যায় হৃদয় স্পন্দনের খুব কাছাকাছি,
ঠিক জামরুল ফুলের সুবাসের মতোই
অনুভূতির সুগন্ধি ছড়িয়ে মিশে থাকে আজীবন পাশাপাশি।







