মান্দার

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

একটি সময় ঘরের পিছে থাকতো গাছে আন্ধার

তারই মাঝে গাছ ছিল এক নাম ছিল তার মান্দার

মান্দারেরও ফুলটি হতো লাল পলাশের রঙ্গে

হলুদ পাখির সখ্য ছিল রঙিন ফুলের সঙ্গে।

গাঁও গেরামে মান্দার এখন যায় না দেখা আর

যায়না দেখা বাধি গাছও বেতস ফলের ঝাড়

কাঁটায় ঘেরা ভেন্না ফলও খুব পড়েনা চোখে

এসব গাছের নামও এখন প্রায় ভুলেছে লোকে।

হারিয়ে গেছে বাঁশের বেড়ার ছন ছাউনির ঘর

সেথা এখন দালান কোঠার রঙিন আড়ম্বর

পুকুর পাড়ের বাঁশের ঝাড়ও অনেক চেনা গাছ

গল্প এখন পতিত ডোবার গর্তে ধরা মাছ।

পারাপারের নৌকাগুলোও যায়না দেখা ঘাটে

ইট পাথরের পুল তোলেছে সবকিছুকে লাটে

হ্যাজাক আলোয় এক দোতারার কবিয়ালী গান

একটি সময় ছিল সেসব গাঁও গেরামের প্রাণ।

যান্ত্রিকতায় হারিয়ে গেছে সহজ সরল মন

সুখের নেশায় গাঁও ছেড়েছে গাঁয়ের চেনা জন

পাল্টে গেছে সভ্যতা ও বদলে গেছে ভাষা

দিনটি ফিরে পাবার সুদুর পরাহত আশা।

পূর্ববর্তী নিবন্ধসবচাইতে সুন্দর
পরবর্তী নিবন্ধথাকি জরজর