জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো পদক্ষেপ নেয়া যাবে না

ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মেলনে নজরুল ইসলাম

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ও জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানানো হলেও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো পদক্ষেপ নেয়া যাবে না। বিদেশি প্রতিষ্ঠান বা ফ্যাসিবাদের দোসরদের হাতে বন্দরের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার কোনো অপচেষ্টা চট্টগ্রামবাসী মেনে নেবে না।

তিনি গতকাল শুক্রবার জামালখানস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদস্পন্দন এবং এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। এই বন্দরকে ঘিরে কোনো ষড়যন্ত্র বা বিশেষ গোষ্ঠীর স্বার্থসিদ্ধির চেষ্টা সফল হতে দেওয়া যাবে না। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, ফেডারেশনের মহানগর সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নুরুন্নবী, স ম শামীম, আব্দুর রহীম মানিক, মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাবার আদর্শ ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে পাশে থাকব : মেয়র
পরবর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা প্রশাসনের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা