জশনে জুলুসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হোক

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি পূর্ব সমাবেশে মনজুর আলম

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে গতকাল শুক্রবার বাদে আসর নগরীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। নগরীর ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই বিশ্বমানবতার মুক্তির দূত, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটে। তাই মহানবী (.)-এর জন্মমাসকে স্বাগত জানাতে প্রতিবছর চট্টগ্রামে ব্যাপক ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারের র‌্যালিতেও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেমওলামা, গাউসিয়া কমিটির সর্বস্তরের নেতা কর্মী, সুন্নি জনতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ সামশুদ্দিনের সভাপতিত্বে স্বাগত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। প্রধান বক্তা ছিলেন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন আনজুমান সদস্য মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পু। উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস. এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য আনোয়ারুল হক, নুরুল আমিন, আবদুল হাই মাসুম, মাহবুব ছফা, মাহবুবুল আলম, ওয়াহিদ মালেক, তৌহিদুল করিম, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সচিব প্রফেসর আবু ছালেহ মো. নঈম উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জুলুস হিসেবে চট্টগ্রামের এই আয়োজনের বিশেষ পরিচিতি রয়েছে। প্রতিবছর রবিউল আউয়াল মাসে নগরীর রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে। জুলুসে মহানবী (.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দরুদসালামের মাধ্যমে তাঁর জীবনাদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। আওলাদে রাসুল পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ (.জি..) এর সদারতে অনুষ্ঠিতব্য জশনে জুলুসকে যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি জশনে জুলুসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তা বলেন, এবারের জশনে জুলুস এ ঈদে মিলাদুন্নবী (সা.) সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। র‌্যালির মাধ্যমে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানানোর পাশাপাশি আগামী দিনের বৃহৎ জশনে জুলুসের জন্যও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হবে। একই সঙ্গে ধর্মীয় সমপ্রীতি, শান্তি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান ।

আসন্ন জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)-কে সফল করতে আজকের এই স্বাগত র‌্যালি চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বক্তব্য শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. এটিএম লিয়াকত আলী মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশে নতুন ধরনের মহাজাগতিক বস্তু
পরবর্তী নিবন্ধ৭৮৬